ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের ১ বছরের মধ্যে সনদ যাচাইয়ের নির্দেশ

ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের ১ বছরের মধ্যে সনদ যাচাইয়ের নির্দেশ

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ে কঠোরতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের পর এক বছরের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করতে হবে। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর সনদ এখনো যাচাই করা হয়নি, তাদের সনদ আগামী ৩১ মার্চের মধ্যে যাচাই শেষ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, মেধাভিত্তিক নিয়োগ এবং সুশাসন নিশ্চিত করতে নতুন করে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব যুগোপযোগী ও সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন অথবা হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এই নীতিমালা আগামী ৩১ মার্চের মধ্যে কার্যকর করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা উচ্চতর ডিগ্রি, পেশাগত সনদ বা অন্যান্য যোগ্যতার সনদ জমা দিলে সেগুলোও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করে ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে।এছাড়া অন্য ব্যাংক থেকে কোনো কর্মকর্তা উচ্চতর পদে যোগ দিলে আগের প্রতিষ্ঠান থেকে তার শিক্ষাগত সনদ যাচাই করা হয়ে থাকলে নতুন ব্যাংককে আবার সনদ যাচাই করতে হবে না। তবে আগের ব্যাংকের ছাড়পত্র বা রিলিজ অর্ডারে ওই সনদ যাচাইয়ের বিষয়টি উল্লেখ থাকতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নিয়োগের সময় বা পরবর্তী সময়ে জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের করপোরেট মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএমএস) এ অন্তর্ভুক্ত করতে হবে।

শুধু সনদ যাচাই নয়, ব্যাংকের নিয়োগ প্রক্রিয়াতেও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, যেসব এন্ট্রি লেভেল পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই—যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ট্রেইনি ক্যাশ অফিসার—এসব পদে সরাসরি নিয়োগের জন্য ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা জব সাইটের পাশাপাশি কমপক্ষে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন