নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৃহত্তর নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে প্রায় দুই ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা।

বিজ্ঞাপন

বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে শুরু করেন বৃহত্তর নোয়াখালীর বাসিন্দারা। পরে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদ।

কর্মসূচিতে অংশ নিয়ে জসিম উদ্দিন নামে এক আন্দোলনকারী বলেন, ‘নোয়াখালী বিভাগ হওয়া আমাদের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়ি বৃহত্তর নোয়াখালীর ফেনীতে। আমাদের বিশ্বাস, তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ভূমিকা রেখে সহযোগিতা করবেন।’

বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার মানুষ অংশ নেন বলে আন্দোলনকারীরা দাবি করেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন তারা।

কর্মসূচিতে জাফর ইকবাল নামে এক প্রবাসী তার সন্তানদের নিয়ে অংশ নেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ৩০ শতাংশ বৃহত্তর নোয়াখালী—নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চল থেকে আসে। দেশের অর্থনীতিতে এ অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নোয়াখালীর অবকাঠামোগত উন্নয়ন ও বিমানবন্দর নির্মাণ এখন সময়ের দাবি। নোয়াখালীকে বিভাগ করা হলে বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

শাহবাগ মোড়ের কর্মসূচি শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে যাত্রা করেন। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে দিনের কর্মসূচি শেষ করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন