জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক আয়োজনের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন তিনি।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।
তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
গত ২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবারের সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।
এদিকে নতুন অধিবেশন শুরুর আগে গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান।
জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়ে সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


