সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস

সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস

নেত্রকোনার মদন উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা। অফিস চত্বরে অবাধে প্রবেশের সুযোগ থাকায় গুরুত্বপূর্ণ দলিলপত্র ও সরকারি সম্পদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। দিনের পাশাপাশি রাতের বেলাতেও অরক্ষিত এই কার্যালয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার জমি কেনাবেচার মূল দলিল ও বালাম বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র এ কার্যালয়ে সংরক্ষিত থাকে। কিন্তু সীমানা প্রাচীর ও নির্দিষ্ট প্রবেশগেট না থাকায় অফিসটি অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে রাতের বেলায় চুরি কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, অফিস ছুটির পর এবং রাতের আঁধারে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বাড়ে। আবার সীমানা প্রাচীর না থাকায় দিনের বেলাতেও অফিস চত্বরে অবাধে গবাদিপশু বিচরণ করে। এতে দাপ্তরিক পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জমি একটি মহল দখলের পাঁয়তারা করছে বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গুরুত্বপূর্ণ সরকারি এ দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টেকসই সীমানা প্রাচীর ও একটি নির্দিষ্ট গেট নির্মাণ করা প্রয়োজন।

মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সাব-রেজিস্ট্রার অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তর। এখানে মূল্যবান ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে। কিন্তু বাউন্ডারি ওয়াল না থাকায় কার্যালয়টির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘বাউন্ডারি ওয়াল না থাকার সুযোগে আশপাশের বাসার লোকজন অফিসের জায়গা দখলের পাঁয়তারা করছে। তাই দ্রুত সময়ের মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে এ গুরুত্বপূর্ণ সরকারি অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

মদন উপজেলা সাব-রেজিস্ট্রার কায়েদে আজম সোহাগ বলেন, ‘উপজেলার গুরুত্বপূর্ণ অফিস হচ্ছে আমাদের অফিস। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগে কয়েকবার গণপূর্ত বিভাগে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের এখানে সব শ্রেণির মানুষের জমির মূল্যবান কাগজপত্র সংরক্ষিত রয়েছে। সবকিছু দেখা এবং নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই দ্রুত সময়ের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন।’

নেত্রকোনা জেলা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজ আহমেদ বলেন, ‘মদন উপজেলার এটি একটি গুরুত্বপূর্ণ অফিস। আসলে বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি নিয়ে আপনারা নিউজ করুন। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।’

এ বিষয়ে নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফারজান আনোয়ার বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসে সীমানা প্রাচীর না থাকা খুবই দুঃখজনক বিষয়। এ বিষয়ে এমপি মহোদয়ের ডিও লেটার নিয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করা হলে দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন