সৌদি আরব রোববার দেশটির প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করেছে। প্রতি বছর ২২ ফেব্রুয়ারি পালিত দিবসটি ১৭২৭ সালে প্রথম সৌদি রাষ্ট্র ‘আমিরাত অব দিরিয়াহ’ প্রতিষ্ঠার স্মরণে আয়োজন করা হয়। এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন ইমাম মোহাম্মদ বিন সৌদ।
প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে সৌদি আরব তার ঐতিহাসিক শিকড়, সমৃদ্ধ ঐতিহ্য এবং নেতৃত্বের উত্তরাধিকারকে তুলে ধরে। ২০২২ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠা দিবস সৌদি জাতীয় দিবস থেকে আলাদা। জাতীয় দিবস প্রতিবছর ২৩ সেপ্টেম্বর পালিত হয়, যা ১৯৩২ সালে আধুনিক সৌদি আরবের একীকরণের স্মারক।
দিবসটি উপলক্ষে নাগরিক ও প্রবাসীরা দীর্ঘ ছুটি উপভোগ করছেন। দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বর্ণাঢ্য অনুষ্ঠান ও উদ্যাপনের আয়োজন করা হয়েছে।
রাজধানী রিয়াদে বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রিয়াদ পৌরসভা শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে ৫ হাজারের বেশি আলোকসজ্জা স্থাপন করেছে।
এছাড়া রিয়াদ অঞ্চলের সড়ক, সেতু ও জনচত্বরে ২৫ হাজারের বেশি সৌদি আরব ও প্রথম সৌদি রাষ্ট্রের পতাকা টানানো হয়েছে। এর মধ্যে রাজধানীতে ৮ হাজার এবং অঞ্চলটির বিভিন্ন গভর্নরেটে ১৭ হাজার পতাকা স্থাপন করা হয়েছে।
এসপিএ জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পতাকা স্থাপনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যা প্রায় তিন শতাব্দীর ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি গর্ব প্রকাশ এবং জনপরিসরে উদ্যাপনের আবহ আরও জোরদার করেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

