দীর্ঘ অপেক্ষার পর ফের চালু হলো ইরান-কাতার সমুদ্রপথে পণ্য পরিবহন

দীর্ঘ অপেক্ষার পর ফের চালু হলো ইরান-কাতার সমুদ্রপথে পণ্য পরিবহন
ছবি: রয়টার্স

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুয়াইস বন্দরের মধ্যে পণ্যবাহী নৌপরিবহন কার্যক্রম। যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটটি সাময়িকভাবে স্থগিত ছিল।

বিজ্ঞাপন

দোহায় ইরানের বাণিজ্যিক অ্যাটাশে আব্বাস আবদোলখানি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস ও কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পর পুনরায় এ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

ইরানের দাইয়ের ও কাতারের আল-রুয়াইস উভয় বন্দরই মূলত আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ চলাকালে দাইয়ের বন্দর একাধিকবার হামলার শিকার হওয়ায় এ রুটে পণ্য পরিবহন ব্যাহত হয়েছিল।

আল-রুয়াইস বন্দর কাতারে ইরানি পণ্য রপ্তানির অন্যতম প্রধান প্রবেশদ্বার। ফলে এই নৌরুট পুনরায় চালু হওয়ায় পরিবহন ব্যয় কমবে, পাশাপাশি দুই দেশের মধ্যে পণ্য সরবরাহও আরও দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন