লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। হামলার পর জাহাজটি উল্টে যায় এবং পরে সাগরে তলিয়ে যায়।
গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় হামলার মুখে পড়ে ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামের জাহাজটি। হোদেইদা বন্দর বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
জাহাজটিতে মোট ১৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। উদ্ধার অভিযানে সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্ট গার্ডের নৌ ইউনিট যৌথ উদ্ধার অভিযান চালিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
এদিকে কয়েক দিন আগে লোহিত সাগরে অবরোধের ঘোষণা দেয় হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, সৌদির পণ্যবাহী কোনো জাহাজকে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগর অতিক্রম করতে দেওয়া হবে না।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

