সৌদি আরবে ইরানের হামলায় গুরুতর আহত বাংলাদেশি কর্মী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতে মোট পাঁচজন বাংলাদেশি প্রাণ হারালেন।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ৮ মার্চ ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।
সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবার আর্থিক সহায়তা পাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ৮ মার্চের ওই হামলায় মামুন ছাড়াও কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন নিহত হন। একই ঘটনায় মামুনসহ আরও কয়েকজন আহত হয়েছিলেন।
এ ছাড়া, ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হামলায় আহমেদ আলী ওরফে সালেহ আহমেদ এবং ২ মার্চ বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হামলায় এস এম তারেক নিহত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

