মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হলো:
-ইরানের জবাব প্রত্যাখ্যান ট্রাম্পের-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাবের জবাবে ইরান যে প্রতিক্রিয়া দিয়েছে, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের তথাকথিত ‘প্রতিনিধিদের’ পাঠানো জবাব আমি পড়েছি। এটি আমার পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’
তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি।
-হরমুজ প্রণালী নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য-ফ্রান্স-
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে, সামরিক পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বহুজাতিক প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহুজাতিক এ মিশনের প্রথম প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে ৪০টির বেশি দেশের অংশগ্রহণ থাকবে।
বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ক্যাথরিন ভোট্রিন।
-চিকিৎসার জন্য জামিনে মুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী-
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদীকে জামিনে মুক্তি দিয়েছে ইরান।
তার সমর্থকরা জানান, তাকে ইতোমধ্যে চিকিৎসার জন্য তেহরানে নেওয়া হয়েছে।
তার ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ইরানের উত্তরাঞ্চলের জানজানে কারাভোগের সময় ১০ দিন হাসপাতালে থাকার পর তাকে ‘ভারী অঙ্কের জামিনে সাজা স্থগিতের সুবিধা’ দেওয়া হয়েছে।
-সি চিনপিংয়ের ওপর চাপ বাড়াতে পারেন ট্রাম্প-
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট চিনপিংয়ের ওপর ইরান ইস্যুতে চাপ প্রয়োগ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ওই কর্মকর্তা বলেন, ‘আমি আশা করছি প্রেসিডেন্ট চাপ প্রয়োগ
করবেন।’
তিনি জানান, আগের ফোনালাপগুলোতেও ট্রাম্প একই ধরণের অবস্থান নিয়েছিলেন।
-যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান-
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে।
সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘আমরা কখনোই শত্রুর কাছে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের কথা উঠলেই তার অর্থ আত্মসমর্পণ বা পিছু হটা নয়।’
-যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে যুক্তরাজ্য-ফ্রান্সকে হুঁশিয়ারি-
হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো হলে ইরানের সশস্ত্র বাহিনী ‘তাৎক্ষণিক ও কঠোর জবাব’ দেবে বলে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে তেহরান।
সম্ভাব্য শান্তিচুক্তির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে লন্ডন ও প্যারিস ইতোমধ্যে এ অঞ্চলে জাহাজ পাঠিয়েছে।
-উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা-
রোববার উপসাগরীয় অঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে আবুধাবি থেকে কাতারের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে একটি ড্রোন আঘাত হানে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এতে জাহাজটিতে ছোট পরিসরে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ভোরের দিকে চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে।
-যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু-
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের ইউরেনিয়াম মজুত সম্পূর্ণ সরিয়ে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হয়নি। কারণ এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ইরান থেকে সরিয়ে নিতে হবে। এখনও এমন স্থাপনা আছে, যেগুলো ভেঙে ফেলতে হবে।’
-মার্কিন স্থাপনায় হামলার হুমকি ইরানের-
ইরানের ট্যাংকার বা বাণিজ্যিক জাহাজে হামলা হলে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনা ও ‘শত্রুপক্ষের জাহাজে’ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসি উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ‘ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার জবাবে এ অঞ্চলে থাকা মার্কিন কেন্দ্র ও শত্রুপক্ষের জাহাজে কঠোর হামলা চালানো হবে।’
এর একদিন আগে ওমান উপসাগরে ইরানের দুটি ট্যাংকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


