ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে পাবনা জেলা বিএনপি। অনুমোদিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা শাখায় জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে, ঈশ্বরদী পৌর শাখায় মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি সর্বসাধারণ ও গণমাধ্যমের উদ্দেশ্যে প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ জানান, জেলা বিএনপির পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন