গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩
গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩। ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দুটি স্পা ও সেলুনে রাতের আঁধারে পুলিশের পৃথক অভিযানে সেখান থেকে নারী-পুরুষ মিলিয়ে ৫৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রতিষ্ঠান দুটির আড়ালে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড চলছিল। আটকদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে গুলশান থানা পুলিশের পৃথক দল অভিযান দুটি চালায়। গুলশান থানার রোড নম্বর ২৪-এর ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড নম্বর ৯৯-এর ‘হট স্টোন স্পা’তে অভিযান চালানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। গোপন তথ্য যাচাইয়ের পর রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৫৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ২৯ জন নারী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু স্পা বা সেলুন পরিচালনার বিষয় নয়, এসব প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগই অভিযানের মূল কারণ। তবে আটক প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ প্রমাণিত হয়েছে, তা আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের বেআইনি কার্যক্রম চলতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় স্পা ও সেলুনকেন্দ্রিক অভিযানে নারী-পুরুষ আটকের ঘটনা ঘটেছে। ফলে এসব প্রতিষ্ঠানের বৈধ ব্যবসার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না, তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ছে। চলতি বছরের জুনেও গুলশানে স্পা সেন্টারে অভিযানে ২৮ জনকে আটকের খবর প্রকাশিত হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন