৫ ঘণ্টায় দুই ঘোষণা

নারায়ণগঞ্জে মহানগর হেফাজতের পাল্টাপাল্টি কমিটি

নারায়ণগঞ্জে মহানগর হেফাজতের পাল্টাপাল্টি কমিটি
ছবি: আমার দেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর কমিটি নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে মহানগর শাখার পাল্টাপাল্টি দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি জামে মসজিদে মুফতি জাকির হোসেনকে সভাপতি এবং মাওলানা আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের মহানগর কমিটি ঘোষণা করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ এ কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ৯টার দিকে ফতুল্লার জামতলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পাল্টা কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। সাত সদস্যের ওই কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমীকে সভাপতি এবং মাওলানা তাজুল ইসলাম আব্বাসকে সাধারণ সম্পাদক করা হয়।

পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মহানগর হেফাজতে ইসলামের অভ্যন্তরে নতুন করে বিরোধ প্রকাশ্যে এসেছে। জামতলায় পাল্টা কমিটি ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বিকেলে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করেছি আমরা, জেল-জুলুম খেটেছি আমরা। আর এখন সুদিনে এসে কমিটির নেতৃত্বে আসবে সুবিধাবাদীরা, সেটা আমরা মেনে নেব না। মহানগর শাখার যে কমিটি আজ বিকেলে ঘোষণা করা হয়েছে, সেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘যারা ত্যাগী এবং ইসলামের ঝান্ডা সমুন্নত রাখতে পারবে, তাদের নেতৃত্বেই নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম চলবে। এখানে অন্য কারো মাতুব্বরি চলবে না। কেউ যদি কমিটি ছিনতাইয়ের চেষ্টা করে, তাহলে এর সঠিক জবাব দিতে আমরা প্রস্তুত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা মুনওয়ার হুসাইন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আব্বাসসহ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করেছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জুনায়েদ আল হাবীব। ওই কমিটিতে মহানগর শাখার সভাপতি করা হয়েছিল মুফতি হারুনুর রশীদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছিল মাওলানা আহমাদুল্লাহকে। সে সময় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আওয়ালের অনুসারীদের কমিটিতে উপেক্ষা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এর ধারাবাহিকতায় এবার একই দিনে মহানগর শাখায় দুটি কমিটি ঘোষণার ঘটনায় সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ আবারও প্রকাশ্যে এলো।

পাল্টাপাল্টি কমিটির কোনটি সাংগঠনিকভাবে বৈধ, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন