২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত কয়েক দফা যুদ্ধবিরতি ও আলোচনার পরও থামেনি। বরং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, নৌ অবরোধ এবং পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে কয়েক মাস ধরে তা আরো বিস্তৃত হয়েছে। সর্বশেষ ১ সেপ্টেম্বর মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ পর্যন্ত সংঘাতের উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো—
২৮ ফেব্রুয়ারি: ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পাল্টা হামলা চালায় ইরান। উপসাগরীয় অঞ্চলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালায়।
১ মার্চ: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান।
৮ মার্চ: আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।
৭ এপ্রিল: যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথা জানানো হয়।
২১ এপ্রিল: যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকে।
১৭ জুন: দুই দেশের মধ্যে ৬০ দিনের আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে।
৭ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়। এরপর ওয়াশিংটন ইরানের ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করে।
২৪ জুলাই: ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়।
৩০ আগস্ট: হরমুজ প্রণালীর লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে মার্কিন হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা চালায়।
১ সেপ্টেম্বর: ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।
কয়েক দফা যুদ্ধবিরতি, আলোচনা ও সমঝোতার উদ্যোগ সত্ত্বেও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বারবার নতুন করে বিস্ফোরিত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


