ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার রাতের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বন্দুকধারীকে ‘লোন উলফ’ (একাকী হামলাকারী) হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানfন, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, এ ঘটনায় দায়িত্বরত একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন এবং এখন সুস্থ আছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর এ ধরনের হামলার ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে তিনি একাধিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছেন।
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচারণার সময় এক সমাবেশে ট্রাম্পের ডান কানে গুলি লাগে। ওই ঘটনায় জনতার মধ্য থেকে একজন নিহত হন।
এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে ঝোপের আড়ালে অস্ত্রধারী সন্দেহে একজনকে দেখা যাওয়ার পর ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে থাকাকালীন সময়ে তার মার-এ-লাগো বাসভবনের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়া এক অস্ত্রধারী পুলিশের গুলিতে নিহত হন।
বারবার কেন তিনি এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, `যারা বড় প্রভাব ফেলে, তাদের ওপরই হামলা চালানো হয়। যারা খুব একটা কিছু করে না, তাদের পেছনে কেউ ছোটে না।‘
উল্লেখ্য, ঘটনার পর ডিনারে উপস্থিত শত শত অতিথিকে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপস্থিত সবাইকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে এই ডিনার অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে।
সূত্র: বিবিসি
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

