মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান । ছবি : দ্য ইকোনমিক টাইমস

সংযুক্ত আরব আমিরাতের তেল-নির্ভর অর্থনীতিতে ডলারের তারল্য সংকট কাটাতে ‘কারেন্সি সোয়াপ’ বা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ডলারের প্রবাহ নিশ্চিত করতে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) একটি কারেন্সি সোয়াপ ব্যবস্থার অনুরোধ জানিয়েছে।

আমিরাতের মতো সম্পদশালী দেশের পক্ষ থেকে এমন সহায়তার অনুরোধ আসায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি, কারণ তারা সত্যিই অনেক ধনী।’

তবে মিত্র দেশের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ট্রাম্প জানান, তিনি এই অনুরোধের বিষয়ে ইতিবাচক। তিনি বলেন, ‘তারা আমাদের দেশের জন্য সবসময়ই ভালো বন্ধু। তাই আমি যদি তাদের সাহায্য করতে পারি, তবে অবশ্যই তা করব।’

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আঞ্চলিক অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই সহায়তা পদক্ষেপ তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে,সংযুক্ত আরব আমিরাতে ইরানি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই গ্রেপ্তারকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা দাবি করেছিল, তারা ইরান-সংশ্লিষ্ট একটি চক্রকে নির্মূল করেছে। আমিরাতের অভিযোগ, এই চক্রটি দেশটিতে ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্তর্ঘাতমূলক কাজ’ করার ষড়যন্ত্র করছিল।

আমিরাতের এই দাবির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বাঘাই বলেন, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

তিনি আমিরাত সরকারকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ‘সুপ্রতিবেশীসুলভ আচরণে’ ফিরে আসার আহ্বান জানান।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আমিরাত ও ইরানের মধ্যে এই নতুন কূটনৈতিক টানাপোড়েন শুরু হলো।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন