আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে

আমার দেশ অনলাইন

জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে

জেরুজালেমে ইরানি রকেট হামলা বেড়েছে। বৃহস্পতিবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে চারটি এবং শুক্রবার সকালে আরও দুটি হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়ে আরো কিছু হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

রাতে ইসরাইল তেহরানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এবারও ইরানি শাসকদের ‘অবকাঠামো’কে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের কাছে এখনও ১৫০টিরও বেশি কার্যকর মিসাইল লঞ্চার এবং কয়েকশো ব্যালিস্টিক মিসাইল রয়েছে।

ইসরাইলের কান নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান প্রায় নয়শোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—যার মধ্যে ৩৫০টি ইসরাইলকে লক্ষ্য করে এবং বাকি প্রায় সবগুলোই আরব উপসাগরীয় দেশগুলোর অভিমুখে ছোড়া হয়েছে।

ইরানের ওয়ানা সংবাদ সংস্থার শেয়ার করা একটি নতুন ভিডিওতে দেখা গেছে, ইরান গতরাত একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে।

যদিও ইসরাইলের দাবি তারা ইরানকে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে বিরত রাখছে কিন্তু ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়েও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন শিল্প উচ্চ মাত্রায় কাজ করে চলেছে এবং উৎপাদন বা মজুত নিয়ে কোনো উদ্বেগ নেই।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন