ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২৪ টন অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আটক সারের মধ্যে রয়েছে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার। উদ্ধার হওয়া সার ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৮আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে বিজিবির টহলদল। ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই-বাছাই করা হলেও বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে ট্রাক থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, বৈধ কাগজপত্র ছাড়াই এসব সার অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে সারগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

অভিযানে মোট ২৪ হাজার কেজি বা ২৪ টন সার উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার রয়েছে। একই সঙ্গে সার বহনকারী ট্রাকটিও আটক করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন