আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদি দূতাবাস থেকে কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

সৌদি দূতাবাস থেকে কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সৌদি আরবে অবস্থানরত নিজেদের দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মকর্তা-কর্মচারী এবং সব কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

এ বিষয়ে গতকাল একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে সৌদি আরবে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই সংশ্লিষ্টদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত বিধিনিষেধের বিষয়গুলো বিবেচনায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া উচিত।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলেছিল। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান চালায়।

এই হামলার জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত এক সপ্তাহে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং তেল স্থাপনাগুলোর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...