আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পকে ছেড়ে দেওয়া হবে না: লারিজানি

আমার দেশ অনলাইন

ট্রাম্পকে ছেড়ে দেওয়া হবে না: লারিজানি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূল্য দিতে হবে। খামেনিকে হত্যার পর রোববার এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। এতে দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা নিহত হন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

রোববার এক্সে দেওয়া পোস্টে খামেনির ঘনিষ্ঠ সহযোগী লারিজানি লিখেছেন, আমাদের নেতা ও আমাদের জনগণের রক্তের প্রতিশোধ আমরা নিরলসভাবে নেব। ট্রাম্পকে এর মূল্য দিতেই হবে এবং তিনি তা দেবেন।

তবে তার এই হুমকিকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তিনি লারিজানিকে চেনেনই না। তিনি সিবিএস নিউজকে বলেন, সে কী বলছে, সে কে—এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি একেবারেই পরোয়া করি না। লারিজানি ইতোমধ্যেই পরাজিত হয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা চলবে এবং তেহরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন তিনি। লারিজানি এক পৃথক এক্স পোস্টে ইরানের প্রতিবেশী দেশগুলোকে বলেন, তারা হয় ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে বাধা দিক, নয়তো আমাদের নিজেদেরই তা করতে হবে।

তিনি বলেন, শত্রু যখন অঞ্চলজুড়ে থাকা ঘাঁটি থেকে আমাদের ওপর হামলা চালায়, আমরা জবাব দিই এবং জবাব দিতে থাকব।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার লারিজানি দাবি করেন, ইরান কিছু মার্কিন সেনাকেও আটক করেছে। রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ট্রাম্পকে ছেড়ে দেবে না।

লারিজানি বলেন, আমরা তাকে (ট্রাম্প) ছাড়ব না। সে যা করেছে, তার মূল্য তাকে দিতেই হবে। সে আমাদের নেতাকে হত্যা করেছে এবং আমাদের এক হাজারের বেশি মানুষকে শহীদ করেছে। এটা কোনো সাধারণ বিষয় নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভেঙে টুকরো করে দেওয়া। যুক্তরাষ্ট্র ইরানে ভেনেজুয়েলার মতো একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, যেখানে সহিংসতার হুমকির মুখে ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে ফেলার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাদের সঙ্গে সহযোগিতা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন