মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অবস্থান আবারও স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য।
আরাগচি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চাই—শুধু ইরানে নয়, গোটা অঞ্চলে।’ তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে, ইরান কেবল তাৎক্ষণিক শান্তির চেয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলোর কোনো জবাব এখনো দেয়নি তেহরান। এমনকি কোনো পাল্টা প্রস্তাব বা শর্তও তারা উত্থাপন করেনি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ থেকে বার্তা পেলেও সেটিকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছে না ইরান।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে আরাঘচি বলেন, এই জলপথ পুরোপুরি খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য এটি বন্ধ। পাশাপাশি তিনি সতর্ক করে দেন—প্রয়োজনে স্থলযুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

