বলপ্রয়োগ করে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, জাতিসংঘের অধিবেশনে তিনি ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান’ তুলে ধরবেন। একই সঙ্গে ইরানি জনগণের অভিযোগ, সংঘটিত অপরাধ এবং বিভিন্ন ঘটনায় তৈরি হওয়া অবিশ্বাসের বিষয়গুলোও তিনি তুলে ধরবেন।
পেজেশকিয়ান বলেন, ইরান একাধিকবার আলোচনার টেবিলে বসেছে এবং চুক্তিও স্বাক্ষর করেছে। কিন্তু এসব চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং লিখিত চুক্তি লঙ্ঘনের ঘটনাও বিশ্ব দেখেছে।
তিনি বলেন, বলপ্রয়োগ করে মানুষকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। গাজা, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, ইরানসহ বিভিন্ন স্থানে যা ঘটছে, তা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করছে।
ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, শত্রুরা ইরানের জনগণকে চাপের মুখে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে বিভিন্ন পথ বন্ধ করার চেষ্টা করছে। সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে দাবি করে পেজেশকিয়ান বলেন, এখন অন্য পথ ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
তার অভিযোগ, স্থল ও আকাশপথ বন্ধ করা, দেশের অভ্যন্তরে বিভাজন উসকে দেওয়া, গণমাধ্যম ব্যবহার এবং জাতিগত বিভিন্ন গোষ্ঠীকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। ইরানের দুর্বলতাগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে ভেতর থেকে দেশটিকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পেজেশকিয়ানের বক্তব্য এমন সময়ে আসছে, যখন ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাত, পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা এবং পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত রয়েছে। তার বক্তব্যে আলোচনার পাশাপাশি ইরানের বিরুদ্ধে চাপ ও বলপ্রয়োগের বিরোধিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

