ইসরাইলে সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে নতুন দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
রোববার তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা চার ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের অবস্থান নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পরে উভয় পক্ষ জানায়, আলোচনা অব্যাহত থাকবে।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে আইজেনকোটের ৪৮ সদস্যের জোটকে আরো সমর্থন নিশ্চিত করতে হবে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের দায়িত্ব রয়েছে তার হাতে। প্রয়োজনে এ সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে।
নেতানিয়াহু দুই নেতার মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিচ্ছেন। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে নারাজ আইজেনকোট। তার মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নেতানিয়াহু কিংবা তার জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে, ঐক্য সরকারে যোগ দেওয়ার জন্য কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ পার্টি। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বন্ধ, আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত না করা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা। পাশাপাশি সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার বিভিন্ন ভূখণ্ডে ইসরাইলের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং উগ্র-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রশ্নে সমঝোতার দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার আইজেনকোট বলেন, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। প্রয়োজনে জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে প্রথমে বিরোধী দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন এবং পরে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া নিয়ে আইজেনকোটের জোটেও মতভেদ রয়েছে। তার ডানপন্থি মিত্র আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে কাজ করার বিরোধিতা করে উগ্র-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




