আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য সংকট

২০২৬ সালে বিশ্ব খাদ্য সংকট রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে

আমার দেশ অনলাইন

২০২৬ সালে বিশ্ব খাদ্য সংকট রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ২০২৬ সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। সংস্থার অনুমান, এতে নতুন করে সাড়ে চার কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বে প্রায় ৩১৮ মিলিয়ন মানুষ গুরুতর খাদ্য সংকটে আছে। সংঘাত চলতে থাকলে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। ডব্লিউএফপি উল্লেখ করেছে, ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের সময় যেমন বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিয়েছিল, বর্তমান পরিস্থিতিও অনুরূপ ধাক্কা দিতে পারে।

সংঘাত সরাসরি খাদ্য উৎপাদন অঞ্চলে না হলেও, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহন, সার ও কৃষি খরচ বেড়ে যায়, ফলে খাদ্যের দাম বৃদ্ধি পায়। সংস্থার এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, “যারা আগে থেকেই দুর্বল অবস্থায় আছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পর্যাপ্ত মানবিক সহায়তা না থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।”

হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং লোহিত সাগরের পথে ঝুঁকি বৃদ্ধির কারণে জাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে, যা তেল, সার ও খাদ্যের দামের উর্ধ্বগতি বাড়িয়েছে। বিশেষ করে আফ্রিকার সাব-সাহারা অঞ্চল ও এশিয়ার কিছু অংশ সবচেয়ে ঝুঁকিতে। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও মধ্য আফ্রিকায় খাদ্য সংকট ২১ শতাংশ, পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় ১৭ শতাংশ এবং এশিয়ার কিছু এলাকায় ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সুদান ও সোমালিয়ার মতো দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তহবিল সংকটের কারণে অনেক জায়গায় খাদ্য সহায়তা কমিয়ে দিতে হয়েছে, যা ভবিষ্যতে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়াচ্ছে।

সূত্র: শাফাক নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন