ঢাকায় চলছে বাংলাদেশ-সিঙ্গাপুরের যৌথ চিত্রকলা প্রদর্শনী

ঢাকায় চলছে বাংলাদেশ-সিঙ্গাপুরের যৌথ চিত্রকলা প্রদর্শনী

শিল্প ও সংস্কৃতির বিনিময়ে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ঢাকায় শুরু হয়েছে আন্তঃদেশীয় শিল্পপ্রদর্শনী ‘ব্রিজিং হরাইজনস : প্রকৃতি, ঐতিহ্য ও উদ্ভাবনের এক চাক্ষুষ সংলাপ’। সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে শুক্রবার, ১৪ আগস্ট, সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক মি. ফ্রাঁসোয়া শঁম্ভো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ টুটুলের কিউরেশনে প্রদর্শনীটি সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রদর্শনী নিয়ে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বলেন, ‘শিল্প কূটনীতির পরিপূরক হিসেবে কাজ করে। এটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। ২০২৭ সালে আমরা যখন কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছি, তখন এই প্রদর্শনী দুই দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময়ের অঙ্গীকারকেই তুলে ধরে।’

প্রদর্শনীতে সিঙ্গাপুরের একটি বিশেষ শিল্পসংগ্রহের পাশাপাশি বাংলাদেশের ১৪ জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত ছয়জন তরুণ ও উদীয়মান বাংলাদেশি শিল্পীর শিল্পকর্মও প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত শিল্পধারা ও সমকালীন শিল্পচর্চার মধ্যে একটি গতিশীল দৃশ্যভাষিক সংলাপ তৈরি হয়েছে।

প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবন ও অভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই প্রদর্শনী আগামীকাল ১৯ আগস্ট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন