ফরজ গোসল না করে রান্নাবান্না ও গৃহস্থালির কাজ করা কি জায়েজ

ফরজ গোসল না করে রান্নাবান্না ও গৃহস্থালির কাজ করা কি জায়েজ

ফরজ গোসল সম্পন্ন করার আগে নারীরা রান্নাবান্নাসহ ঘরের অন্য কাজ করতে পারবেন কি না—এমন একটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি জানান, গোসল ফরজ থাকা অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ নিষিদ্ধ হলেও গৃহস্থালির কাজ করতে ইসলামে কোনো বাধা নেই।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ফরজ গোসল বাকি থাকা অবস্থায় মূলত পাঁচটি কাজ করা নিষিদ্ধ। এগুলো হলো—নামাজ আদায় করা, তাওয়াফ করা, মসজিদে অবস্থান করা, পবিত্র কোরআন স্পর্শ করা এবং কোরআন তিলাওয়াত করা।

বিজ্ঞাপন

এই পাঁচটি কাজ ছাড়া অন্য যেকোনো সাধারণ কাজ করা বৈধ উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো নারী যদি সহবাসের পর ফরজ গোসল করার আগে রান্নাবান্না করেন, গৃহস্থালির অন্যান্য কাজ করেন কিংবা সন্তানকে দুধ পান করান, তাহলে তা শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ জায়েজ।’

সমাজে প্রচলিত ভুল ধারণার বিষয়ে এই ইসলামি আলোচক বলেন, অনেক সময় সমাজে নারীদের ওপর অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা হয়, যা পুরুষদের ক্ষেত্রে দেখা যায় না। ধর্মীয় বিধানের সঠিক জ্ঞান না থাকার কারণেই এ ধরনের ভুল ধারণা ছড়ায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি সাহরি খেয়ে রোজা শুরু করেন এবং পরবর্তীতে গোসল করেন, তাতেও রোজার কোনো সমস্যা হয় না।

ফরজ গোসল বিলম্বিত হওয়ার বিষয়ে তিনি বলেন, গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই উত্তম। তবে যদি গোসল করতে দেরি হয়, তবে তার আগে ওজু করে নেওয়া ভালো। সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাসুলুল্লাহ (সা.) গোসল ফরজ হওয়ার পর ঘুমানো বা অন্য কাজ করার আগে ওজু করার পরামর্শ দিয়েছেন। তবে ওজু না করলেও কোনো গুনাহ হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন