শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় কেনা অ্যাম্বুলেন্স দুটিতে প্রাথমিক চিকিৎসাসহ রোগী পরিবহনের বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে জরুরি রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, ফার্স্ট এইড বক্সসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে। পাশাপাশি স্ট্রেচার ও হুইলচেয়ারের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবা এবং হটলাইন সুবিধাও চালু থাকবে।
গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার ব্যবস্থা থাকবে। প্রয়োজন হলে রামেক ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসকদের সুপারিশক্রমে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের সড়কপথে ঢাকায় নেওয়ার সুবিধাও থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন অ্যাম্বুলেন্স সংযোজনের ফলে দীর্ঘদিনের সংকট কিছুটা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মাহফুজা সিদ্দিকা লিপি।
তিনি বলেন, “আমাদের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স সংকট অনেকদিন ধরেই ছিল। নতুন অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ সেই সংকট কিছুটা দূর হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, মেডিকেল সেন্টারের অন্যান্য সমস্যাগুলোও প্রশাসন দূর করবে।”
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও উন্নত করার লক্ষ্যে অনেক আগে থেকেই অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ শুরু করা হয়েছিল।
তিনি বলেন, “আজ একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, আরেকটি আসছে। এই দুটি অ্যাম্বুলেন্সই আমাদের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে। একটি আধুনিক অ্যাম্বুলেন্সে যা যা প্রয়োজন, তার সবই এখানে রয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাব্যবস্থা আরও আধুনিক করার পরিকল্পনার কথা জানিয়ে উপাচার্য বলেন, গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে রামেকের ওপর নির্ভর করতে হয়। ইউজিসির সহযোগিতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চার থেকে পাঁচটি আইসিইউ বেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে আইসিইউ বিশেষজ্ঞও রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দ্রুতই মেডিকেল সেন্টারের লোকবল সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারের পরিসর বাড়ানো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
উপাচার্য বলেন, “সময়ের সঙ্গে আপনারা সবকিছুই পাবেন। আমি কর্মে বিশ্বাসী।”
অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আসলাম হোসেন, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, অফিসার সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

