ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া নিশ্চিন্তপুর এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে। ঘটনার পর তার লাশ নাসিরনগর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে লাশ দেখে স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় রফিক, সালমানসহ স্থানীয় কয়েকজন সেখানে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে রফিক ও সালমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় রফিক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তামিমা রহমান রফিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, “লুডু খেলাকে কেন্দ্র করে প্রথমে বাক্বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় রফিক মিয়া নিহত হয়েছেন।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

