যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধের মধ্যেই সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘সেন্টকমের বাহিনী উপসাগর থেকে ১০০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহনে সহায়তা করেছে।’
তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ২ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজের চলাচলেও সমন্বিত নিরাপত্তা সহায়তা দিয়েছে মার্কিন বাহিনী।
কুপার বলেন, হরমুজ প্রণালির প্রধান জাহাজ চলাচলের পথগুলো মাইনমুক্ত করা হয়েছে। এর পর থেকে হাজার হাজার জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করেছে।
তবে একই সময়ে ইরান থেকে ‘এক ব্যারেলও’ তেল রপ্তানি হয়নি বলে দাবি করেন কুপার। তিনি এর জন্য যুক্তরাষ্ট্রের ভাষায় ‘লোহাবদ্ধ অবরোধ’কে দায়ী করেন।
তিনি আরো বলেন, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল, বিভিন্ন পণ্য ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের পরিমাণ আগের ছয় মাসের যেকোনো সময়ের তুলনায় বেশি ছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আরও বাড়াতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলো, বিমা প্রতিষ্ঠান এবং জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান কুপার।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


