হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দুঃসংবাদ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দুঃসংবাদ
ছবি: আল- জাজিরা

হরমুজ প্রণালিতে আটকে পড়া শত শত জাহাজকে পাহারা দিয়ে পার করে নেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম মার্কিন নৌবাহিনীর নেই বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেরিন কোর স্পেশাল অপারেশন বিশেষজ্ঞ জোনাথন হ্যাকেট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অঙ্কটা আসলে মিলছে না।’

বিজ্ঞাপন

জোনাথন হ্যাকেট জানান, বর্তমানে মাত্র ১২টির মতো মার্কিন নৌযান রয়েছে যা এই জাহাজগুলোকে সুরক্ষা দিতে সক্ষম। অথচ যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন ১০০টির বেশি জাহাজ যাতায়াত করত। বর্তমান প্রেক্ষাপটে এত বিপুল সংখ্যক জাহাজকে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব।

তিনি দুটি প্রধান বিপদের কথা উল্লেখ করেছেন। প্রথমত, সমুদ্র মাইন।

হ্যাকেট জানান, গত বছর যুক্তরাষ্ট্র তার সব মাইন-সুইপিং বা মাইন অপসারণকারী জাহাজ সরিয়ে নিয়েছে। বর্তমানে কিছু রূপান্তরিত জাহাজ দিয়ে সীমিত পরিসরে কাজ চালানো গেলেও বিশেষায়িত কোনো জাহাজ নেই।

দ্বিতীয়ত, ইরানের নৌ সক্ষমতা। মার্কিন প্রশাসন ইরানের নৌবাহিনী ধ্বংস হওয়ার দাবি করলেও হ্যাকেট তা নাকচ করে দেন। তিনি জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শত শত ছোট ও দ্রুতগতির আক্রমণকারী নৌকা রয়েছে, যা প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে বাধাগ্রস্ত বা হয়রানি করতে সক্ষম।

এছাড়া বীমা সংস্থাগুলোর ঝুঁকি নেওয়ার বিষয়টিও সামনে এনেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, পথটি যদি নিরাপদও হয়, তবুও বীমা কোম্পানিগুলো লাখ লাখ ডলারের সম্পদ এবং ক্রুদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র জাহাজ পাহারার জন্য প্রস্তুত থাকলেও অনেক জাহাজ মালিক এই পথ ব্যবহার করতে আগ্রহী নাও হতে পারেন।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন