বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন সম্মাননা ও পুরস্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তরিত হয়েছে। বরেণ্য এই অভিনেতার জন্মদিন (৪ সেপ্টেম্বর) উপলক্ষে ৩ সেপ্টেম্বর সংস্থাটির মহাপরিচালক ম. জাভেদ ইকবালের নিকট এসব স্মারক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তার স্ত্রী ডেইজি আহমেদ ও কন্যা তিলোত্তমা।

দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে বুলবুল আহমেদের অসামান্য অবদানকে জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার লক্ষ্যেই পরিবারের পক্ষ থেকে এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুলবুল আহমেদের স্মরণে প্রতি বছর পরিবারের সদস্য ও অনুরাগী দর্শকরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করলেও এ বছর বড় কোনো অনুষ্ঠান থাকছে না। তবে তাঁর বর্ণাঢ্য শিল্পীজীবনের অর্জনগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এর মাধ্যমে চলচ্চিত্র অনুরাগী ও দর্শকরা সরাসরি স্মৃতিচিহ্নগুলো দেখার সুযোগ পাবেন এবং দিনটিও স্মরণীয় হয়ে থাকবে।

বরেণ্য এই শিল্পী শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, বরং বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অর্জিত এই সম্মাননা ও পুরস্কারগুলো ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হওয়ায় তাঁর কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হিসেবে অমর হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন