আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউরোপে অনৈক্য, ফ্রান্স-নরওয়ে-স্পেন-বেলজিয়াম ইরানে হামলার বিপক্ষে

আমার দেশ অনলাইন

ইউরোপে অনৈক্য, ফ্রান্স-নরওয়ে-স্পেন-বেলজিয়াম ইরানে হামলার বিপক্ষে
ছবি: আমার দেশ

ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইউরোপে অনৈক্য সৃষ্টি হয়েছে। ইউরোপের বেশির ভাগ দেশ আদতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থাকলেও বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স, নরওয়ে, স্পেন ও বেলজিয়াম। হামলার সমালোচনা করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে দেশগুলো।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেছেন, ইসরাইল হামলাটিকে প্রতিরোধমূলক বলে দাবি করলেও এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, প্রতিরোধমূলক হামলার ক্ষেত্রে অবিলম্বে আসন্ন হুমকি থাকা আবশ্যক।

বিজ্ঞাপন

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেছেন, ইরানি জনগণকে তাদের সরকারের পছন্দের মূল্য দিতে হবে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা আগে থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের দিকে নিয়ে যেতে পারেনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ‘একতরফা’ সামরিক পদক্ষেপ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলো পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং একটি আরো অনিশ্চিত ও প্রতিকূল আন্তর্জাতিক ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখছে।

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।’

অন্যদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ও ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের সংঘাত ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমান উত্তেজনা সকলের জন্য বিপজ্জনক। এটি বন্ধ করতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন