চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মনজুর আলম (৫২) নামে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক শাখা ব্যবস্থাপক নিহত হয়েছেন। তিনি উপজেলার বামুনসুন্দর শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজুর আলম মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা সাকিব হোসাইন জানান, শুক্রবার সকালে বাজার করার জন্য মনজুর আলম মিঠাছরা বাজারে যান। বাজার শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক মো. সোলায়মানকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটক সোলায়মান কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুজামান ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মনজুর আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সন্ধানী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী শামিমা আক্তার বারইয়ারহাট শাখা এজেন্সির ইনচার্জ ও সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের দুই সন্তান রয়েছে।
শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে মনজুর আলমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

