ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান সীমান্তের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ শহরে সংঘটিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
গোষ্ঠীটি দাবি করেছে, তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।
এদিকে ইরাকি সংবাদ সংস্থা নায়া নিউজ এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে এরবিলের একটি ভবনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সংস্থাটি দাবি করেছে, ‘দখলদার বাহিনীর ঘাঁটি’ লক্ষ্য করেই ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে তাদের নৌবাহিনী দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে একটি ‘জটিল হামলা’ পরিচালনা করেছে।
এ ছাড়া আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

