‘দলে অনেক লোক আসতেছে, মনে হয় বিএনপির জন্য জান দিয়ে দেবে’

‘দলে অনেক লোক আসতেছে, মনে হয় বিএনপির জন্য জান দিয়ে দেবে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘এখন তো দলে মানুষের অভাব নেই। অনেক লোক আসতেছে। তাদের দেখলে মনে হয় যেন তারা বিএনপির জন্য জান দিয়ে দেবে—এমন একটা অবস্থা।’

শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরে জেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আফরোজা খানম রিতা বলেন, ‘এখন আমাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। সুতরাং আমাদের অবস্থান, আমাদের কাজগুলো—সবকিছু সতর্কতার সঙ্গে করতে হবে। সবাইকে বুঝতে হবে, আসলে কে দলের জন্য কাজ করছে।’

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে এই সরকারের পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যেন আমাদের ইমেজটা নষ্ট না করি। আমরা সবাই বিএনপি করি, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

মন্ত্রী বলেন, সামনে দলের অনেক কাজ রয়েছে। বিগত নির্বাচন ও সামনে যে নির্বাচন আসবে, তার মধ্যে অনেক পার্থক্য থাকবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, তারেক রহমান দেশে ফিরে এসেছেন এবং লক্ষ-কোটি মেহনতি মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বিএনপি ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, ‘আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করব।’

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আব্দুল বাতেন, গোলাম আবেদীন কায়সার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোতালেব হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন