নিবন্ধন না নিয়ে পরিচালিত দেশের সব কিন্ডারগার্টেন স্কুল ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং এসব প্রতিষ্ঠানকে সরকারি নিয়ম-নীতির আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে নিবন্ধনহীন
কিন্ডারগার্টেনগুলোকে নির্ধারিত নিয়মের আওতায় আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নিলে ২০২৮ সালের মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জনবল সংকট দূর করতেও সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য একটি নতুন সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
ববি হাজ্জাজ জানান, নতুন নীতিমালায় শিক্ষকদের পদোন্নতি, বেতন কাঠামো ও দায়িত্বের পরিধি পুনর্নির্ধারণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও দায়িত্বের মধ্যে আরও কার্যকর সমন্বয় করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিভাগের ৩০০ জন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-b2c2df.jpg)