আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিতের পর ইরানে গ্রেপ্তার অভিযান জোরদার

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিতের পর ইরানে গ্রেপ্তার অভিযান জোরদার

সাম্প্রতিক বিক্ষোভের পর সোমবার ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং দেশজুড়ে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করেছে। তবে একই সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

এই অভিযানে প্রধান সংস্কারপন্থি জোটের মুখপাত্র জাভাদ ইমামের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তার এমন এক সময়ে ঘটল, যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। ওই বৈঠককে উভয় পক্ষই ‘ইতিবাচক’ বলে আখ্যা দিয়েছে।

এর আগে শনিবার ইরানের একটি আদালত নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির কারাদণ্ড আরও বাড়ায়। একই ধারাবাহিকতায় সোমবার গ্রেপ্তার করা হয় বিশিষ্ট ভিন্নমতাবলম্বী নেতা মেহদি কারুবির ছেলে হোসেইন কারুবিকেও।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে বর্তমান পরিস্থিতিকে সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই সংকট মোকাবিলায় তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভ দমনের কয়েক সপ্তাহ পর দেশটি এখন মূলত দুই কৌশলে এগোচ্ছে—একদিকে সমালোচক ও বিরোধীদের গ্রেপ্তার ও কারাবন্দি করা হচ্ছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের চেষ্টা চালানো হচ্ছে।

সংস্কারবাদী ফ্রন্ট জোটের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জোটের মুখপাত্র জাভাদ ইমামকে গ্রেপ্তার করেছে। ইমামসহ অন্তত পাঁচজন সংস্কারপন্থি নেতা আটক হয়েছেন। পাশাপাশি বিক্ষোভসংক্রান্ত একটি বিবৃতিতে সহস্বাক্ষরকারী কয়েকজন কর্মী ও চলচ্চিত্র নির্মাতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

ইরান সরকার এসব বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, এর পেছনে তাদের চিরশত্রু ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উসকানি রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...