ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আলি ফাদাভি বলেছেন, হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
জলপথটির দক্ষিণাংশে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজগুলো যেকোনো সময় লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
ফাদাভি বলেন, বর্তমানে ওই রুট দিয়ে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিমাণ তেল পরিবহন হতো, তার তুলনায় এই পরিমাণকে তিনি নগণ্য বলে উল্লেখ করেন। দক্ষিণের এই রুট ওমানের উপকূল ঘেঁষে চলে গেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকিও প্রত্যাখ্যান করেন ফাদাভি। তিনি বলেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং এবারও তারা ব্যর্থ হবে।
এদিকে, এসব মন্তব্যের মধ্যেই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে গেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে বলে জানা গেছে।
এসব তেল হরমুজ প্রণালি ও লোহিত সাগর হয়ে পরিবহনের পাশাপাশি গালফ অব ওমানের বিভিন্ন টার্মিনাল এবং জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমেও রপ্তানি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


