ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জাহিদুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজেদুল (১৪) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামে কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইচাখালী গ্রামের মিল্টনের ছেলে। আহত সাজেদুল একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে কালুখালীগামী একটি ট্রেনের ছাদে উঠে দুই কিশোর যাচ্ছিল। ট্রেনটি চতুল ইউনিয়নের চতুল গ্রামের সুদির ডাক্তারের ব্রিজের কাছে পৌঁছালে গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে তারা ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় জাহিদুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর কিশোর সাজেদুলও মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একজন কিশোরের মরদেহ দেখতে পান। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রয়েল আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে লাশটি চতুল ইউনিয়ন পরিষদে রাখা হয়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক শরীফ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-7c5901.jpg)