ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সমর্থনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা উত্তেজনা নিরসনের পথে ‘এক ধাপ এগিয়ে যাওয়ার’ ইঙ্গিত দিয়েছে। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সংলাপ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের মূল চাবিকাঠি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ইরানি প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য সব সময়ই সংলাপের ওপর জোর দিয়েছে তেহরান। তিনি আরো বলেন, পরমাণু কর্মসূচি ইরানের বৈধ অধিকার।
ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, কেউ সম্মান করলে, ইরানি জাতিও তাকে সম্মান করে, তবে বলপ্রয়োগের ভাষা গ্রহণ করে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর থেকে তীব্র উত্তেজনার পর শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় বসে।
শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর আব্বাস আরাগচি বলেন, প্রথম দফার আলোচনা একটি ‘ভালো শুরু’। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি ইরানি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করে, তাহলে তেহরান ‘এই অঞ্চলে তাদের (মার্কিন) ঘাঁটিতে আক্রমণ করবে’।
শিগগরি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

