বিরোধী দল সংসদকে পাশ কাটিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। এসব কর্মকাণ্ডের আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে, যা স্পষ্টতই অপরাধমূলক কর্মকাণ্ড। জনগণের সামনে যেসব শব্দ উচ্চারণ করা যায় না, সেগুলোও প্রকাশ্যে বলা হচ্ছে।
তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে আখ্যায়িত করছে। এর মাধ্যমে তারা গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।
জ্বালানি সংকট ও অর্থনৈতিক ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনা করে যাচ্ছে। অথচ সংকট নিরসনে তাদের পক্ষ থেকে গঠনমূলক কোনো প্রস্তাবনা নেই। সংসদে এ বিষয়ে কোনো পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
রিজভী বলেন, দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধী দল জনগণের সামনে তুলে ধরছে না। বরং এসব অর্জন আড়াল করার চক্রান্ত করছে।
তিনি আরও বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করে বেড়ালেও সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা হলো সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরা। কিন্তু সে পথে না গিয়ে তারা রাজপথ বেছে নিয়েছে। এটি মূলত সরকারের সার্বিক উন্নয়ন ও অর্জনকে আড়াল করার অপচেষ্টা।
বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে খুলে ফেলতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং এবং স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


