হরমুজ প্রণালী বন্ধ করা ‘অর্থনৈতিক সন্ত্রাস’: আরব আমিরাত

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালী বন্ধ করা ‘অর্থনৈতিক সন্ত্রাস’: আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাঈদ বিন মুবারক আল হাজেরি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা “অর্থনৈতিক সন্ত্রাস”, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

তিনি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য ইরানের তীব্র সমালোচনা করেন এবং যুদ্ধের যে কোনো সমাধানে এই প্রণালী “সম্পূর্ণ ও নিঃশর্তভাবে পুনরায় চালু” করার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়। “এই সংঘাতের টেকসই সমাধান পেতে হলে ইরানের সব ধরনের হুমকি—তার পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন, সংশ্লিষ্ট প্রক্সি গোষ্ঠী—এবং হরমুজ প্রণালীর সম্পূর্ণ ও নিঃশর্ত পুনরায় চালু নিশ্চিত করতে হবে,” তিনি উল্লেখ করেন।

আল হাজেরি আরও বলেন, কেবল সংঘাত থামানোই সফলতার মানদণ্ড হতে পারে না। “আমাদের লক্ষ্য হতে হবে একটি চূড়ান্ত সমাধান, যেখানে থাকবে বাধ্যতামূলক নিশ্চয়তা, জবাবদিহি এবং এমন আশ্বাস যাতে ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন আর না ঘটে।”

তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন