দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কেউ কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফুলগাজীতে যান মন্ত্রী।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে সারের কোনো সংকট নেই। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে সার মজুতের চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ফেনীতে সাড়ে ৭ হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর আগামী সমাবেশের স্থান পরিদর্শন করেন এবং সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ফেনী জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন