মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক নিরাপত্তা সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার ঘটনাও রয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ভ্রমণব্যবস্থায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘চলমান শত্রুতা দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।’
মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখার পাশাপাশি আগাম বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইরান এবং ইরানের সমর্থক গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।’
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


