‘সার্টিফিকেটনির্ভর নয়, দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষা গড়তে সরকার বদ্ধপরিকর’

‘সার্টিফিকেটনির্ভর নয়, দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষা গড়তে সরকার বদ্ধপরিকর’

শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে দক্ষতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের বিকশিত করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব।

বিজ্ঞাপন

শনিবার সকালে মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, তোমরা আগামী দিনের বাংলাদেশ। আমরা তোমাদের চোখে আগামী দিনের বাংলাদেশ দেখতে চাই। তোমাদের হাত ধরেই বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে বিশ্বদরবারে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু পড়াশোনা ও জিপিএ-৫ অর্জনের নেশায় নিজেকে সীমাবদ্ধ রাখলে হবে না। ধর্মীয় অনুশাসন, সামাজিক মূল্যবোধ, খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির মতো কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে বিকশিত করতে হবে। মেধার পাশাপাশি কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ় মনোবল নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার প্রকৃত লক্ষ্য তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, শিক্ষা একজন নাগরিকের মৌলিক মানবাধিকার এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার মূল লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রয়োজন দক্ষতা, বাস্তব জীবনের সক্ষমতা ও সামাজিক অগ্রগতি। শিক্ষা এমন হতে হবে যা কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে।

বর্তমান সরকারের শিক্ষানীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য সার্টিফিকেট-নির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ। শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে আত্মনির্ভরতা—এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দিয়েছে এবং তা ক্রমান্বয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, স্কুল ফিডিং কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদানসহ শিক্ষক সমাজের সুযোগ-সুবিধা বৃদ্ধির নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রত্যয় ধারণ করে আমাদের সবাইকে একটি উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন