মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে লেবানন। মঙ্গলবার মৃত্যুদণ্ড বিলুপ্ত করে একটি আইন অনুমোদন করে দেশটির পার্লামেন্ট। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড ও কঠোর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
লেবাননের ১২৮ সদস্যের পার্লামেন্টে বেশির ভাগ আইনপ্রণেতা মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেন। কয়েকটি সংশোধনী আনার পর আইনটি অনুমোদন করা হয়। তবে হিজবুল্লাহ-সমর্থিত সংসদীয় জোট মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেয়নি।
লেবাননে ২০০৪ সালের পর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটিতে অন্তত ৮৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।
আইনটি পাসের পর বিচারমন্ত্রী আদেল নাসার একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক মধ্যপ্রাচ্যের যেসব দেশে এখনও মৃত্যুদণ্ড চালু রয়েছে, তাদের লেবাননের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবার সাজা কমিয়ে দেওয়া এবং মৃত্যুদণ্ড বিলুপ্তির আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের দাবি জানিয়েছে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মানবাধিকারকর্মীরা প্রচারণা চালানোর পর লেবাননে মৃত্যুদণ্ড বিলুপ্ত হলো। জাতিসংঘের কর্মকর্তারা একে মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি লেবাননের গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: ফ্রান্স২৪
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


