সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামের এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু চরহোগলা গ্রামের আয়নাল হকের ছেলে।
নিহত রাজুর ছোট বোনের অভিযোগ, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়। গত রোববার রাতে নিহত রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ ঘটনায় রাজু তাদের উভয় পক্ষকে একত্র করে ঝগড়ার মীমাংসা করে দেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাজুর ফুফাতো ভাইকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা করে পিটিয়ে ও ছুরিকাঘাতে তাকে আহত করে। রাজুকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক দ্বন্দ্বে হত্যাকাণ্ড তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

