বিএনপি সরকার জনগণের সাথে বেইমানি করেছে: রাশেদ প্রধান

বিএনপি সরকার জনগণের সাথে বেইমানি করেছে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৬ দফা দাবিতে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম ঐতিহাসিক লংমার্চ সফল হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একেকটি পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছিল। সারা পথ জুড়েই সাধারণ মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে এই ঐতিহাসিক লংমার্চকে স্বাগত জানিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ৬ মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে গিয়ে ঠেকেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চই প্রমাণ করেছে, দেশের জনগণ বিএনপি সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করে না।

বিজ্ঞাপন

রোববার পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকাল ৪ টায় যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সাথে বেইমানি করেছে। গণহত্যাকারী শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে দেশের মানুষ আজ অতিষ্ঠ; দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবাই দিশেহারা। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রশাসনে দলীয়করণ চরমে পৌঁছেছে। নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি দেশের যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে। উল্টো নানা সংকটে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কাজ হারাচ্ছে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের ও নজরুল ইসলাম সজীব, ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, সহসভাপতি সৌরভ দাস প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন