আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২২ জন। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি স্থানে ‘সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়। এসব স্থানে ভারতীয় মদতপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যদের ঘাঁটি ছিল বলে দাবি করে পাকিস্তান। হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়েছে।
পাকিস্তান বলছে, বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল। দেশটির দাবি, আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি অব্যাহত রয়েছে।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়েছে বলে ইসলামাবাদ দাবি করে আসছে। আফগানিস্তানের মাটিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাবুলকে বারবার আহ্বান জানিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করেছে আফগান কর্তৃপক্ষ।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


