জুনাইদ এস আহমদের বিশ্লেষণ

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান
নেলসন ম্যান্ডেলা (বামে), ইমরান খান (মাঝে) ও মোহাম্মদ মুরসি (ডানে)। ছবি-সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস, শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে নতুন করে উদ্বেগের। ইমরান খানকে রাজনৈতিকভাবে দুর্বল করতে কারাবন্দি করা হলেও দীর্ঘদিনের দমন-পীড়ন তাকে বিরোধী রাজনীতির আরও বড় প্রতীকে পরিণত করেছে। এখন তার শারীরিক নিরাপত্তা নিয়েও গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে।

ইমরান খানের কারাজীবনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কারাবাসের তুলনা করা যায়। ম্যান্ডেলার মতো কারাগার থেকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে বেরিয়ে আসার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি মুরসির মতো কারাগারেই মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

তবে নিবন্ধে ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলো পাকিস্তানের সরকার অস্বীকার করে জানিয়েছে, তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কারাগারে ২২ ঘণ্টা, চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ

১৬ নভেম্বর ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদারের প্রকাশ করা একটি আবেদনপত্রের কথা উল্লেখযোগ্য। পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোর বিচারপতিদের উদ্দেশে লেখা ওই চিঠিতে ইমরান খান নিজের শারীরিক অবস্থা ও কারাগারের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে তার দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে। তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। এ ছাড়া ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯৩ পর্যন্ত উঠেছিল।

ইমরান খানের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তার স্ত্রী বুশরা বিবির চোখের অবস্থাও উদ্বেগজনক; প্রয়োজনীয় অস্ত্রোপচার না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আদালতের নির্দেশ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ

ইমরান খানের চিঠিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তার।

আদালতের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও পরে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) পরীক্ষা করিয়ে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। ইমরান খানের দাবি, এতে আদালতের নির্দেশের মূল উদ্দেশ্য পূরণ হয়নি।

সুপ্রিম কোর্টের নির্দেশে সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং সপ্তাহে দুবার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়ার কথাও ছিল।

তবে পাকিস্তান সরকার ইমরান খানের চিকিৎসায় অবহেলা ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। সরকারি বক্তব্য অনুযায়ী, কারাগারে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখেছেন। সরকারের দাবি, কারাবন্দি হওয়ার পর থেকে তিনি একাধিকবার চিকিৎসা পেয়েছেন এবং পরিবারের সদস্য, আইনজীবী ও অন্য অনুমোদিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগও পেয়েছেন।

‘নীরবতার শাস্তি’ নিয়েও অভিযোগ

ইমরান খানের শারীরিক অসুস্থতার অভিযোগের পাশাপাশি কারাগারে তার সঙ্গে আচরণের একটি বিষয়কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইমরান খানের অভিযোগ, কারারক্ষীদের তার সালামের জবাব দেওয়া কিংবা কোরআনের আয়াত তিলাওয়াতের সময় কোনো প্রতিক্রিয়া দেখানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

অভিযোগটি সত্য হলে এটি কেবল একজন বন্দিকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার ঘটনা নয়; বরং তাকে মানসিকভাবে বিপর্যস্ত ও অপমানিত করার একটি পদ্ধতি। তার ভাষায়, নির্জন কারাবাস একজন মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে, আর কথা বলার স্বাভাবিক সুযোগ কেড়ে নেওয়া তার মানবিক মর্যাদাকেও আঘাত করে।

কেন ইমরান খানকে এত ভয় পাকিস্তানের ক্ষমতাকাঠামোর?

ইমরান খান পাকিস্তানের সাধারণ কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন। ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তার আন্তর্জাতিক পরিচিতি, দাতব্য কর্মকাণ্ড এবং রাজনৈতিক জনপ্রিয়তা তাকে দেশের প্রচলিত রাজনীতির বাইরে আলাদা অবস্থান দিয়েছে।

তার সমর্থকদের মধ্যে শুধু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকেরাই নন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রয়েছেন। প্রবাসী পাকিস্তানিদের মধ্যেও তার উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। দুর্নীতিবিরোধী অবস্থান, সামরিক বাহিনীর রাজনৈতিক প্রভাবের সমালোচনা এবং যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিন ইস্যুতে তার বক্তব্য তাকে আন্তর্জাতিক পরিসরেও পরিচিত করেছে।

পাকিস্তানের সামরিক নেতৃত্ব, প্রভাবশালী রাজনৈতিক পরিবার এবং রাষ্ট্রীয় ক্ষমতাকাঠামোর সঙ্গে ইমরান খানের বিরোধ কেবল নির্বাচনী রাজনীতির দ্বন্দ্ব নয়। এটি দেশটির ক্ষমতা ও শাসনব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বৃহত্তর লড়াইয়ের অংশ।

নিবন্ধে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, শরিফ পরিবার এবং ভুট্টো-জারদারি পরিবারের রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গও এসেছে। এসব ক্ষমতাকেন্দ্রের স্বার্থের কারণে ইমরান খানকে রাজনৈতিক প্রতিযোগিতা থেকে দূরে রাখার চেষ্টা চলছে।

ম্যান্ডেলা ও মুরসির সঙ্গে তুলনা

ইমরান খানের পরিস্থিতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কারাবাস তুলনীয়। ম্যান্ডেলা বর্ণবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের কারণে ২৭ বছর কারাগারে ছিলেন। দীর্ঘ বন্দিজীবন তাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পারেনি। বরং কারাবাসের কারণে তিনি আন্তর্জাতিক পরিসরে বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হন। মুক্তির পর দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান এবং গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়ায় নেতৃত্ব দেন তিনি।

অন্যদিকে, মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর তাকে কারাবন্দি করা হয়। কারাগারে তার স্বাস্থ্য ও চিকিৎসার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন উদ্বেগ ছিল। ২০১৯ সালের ১৭ জুন আদালতে শুনানি চলাকালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পরিস্থিতি ও কারাগারে চিকিৎসাসেবা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার মহলে প্রশ্ন উঠেছিল।

ইমরান খান এখন এই দুই ঐতিহাসিক অভিজ্ঞতার মাঝামাঝি অবস্থানে রয়েছেন। ম্যান্ডেলার মতো তার কারাবাসও তাকে রাজনৈতিক প্রতিরোধের প্রতীকে পরিণত করেছে। কিন্তু মুরসির মতো কারাগারে শারীরিক অবস্থার অবনতি তার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

অবশ্য ম্যান্ডেলা, মুরসি ও ইমরান খানের রাজনৈতিক জীবন, আন্দোলনের ধরন এবং তাদের দেশের পরিস্থিতি এক নয়। তাদের রাজনৈতিক অভিজ্ঞতার সমতুল্যতা নেই; বরং দীর্ঘ কারাবাসের সম্ভাব্য দুই ধরনের পরিণতি দেখা যাচ্ছে।

পাকিস্তানের রাজনীতিতে পুরোনো ক্ষত নতুন করে সামনে

সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড এবং তার কন্যা বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এসব ঘটনা ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক সহিংসতার গভীর ক্ষত তৈরি করেছে।

ইমরান খান কারাগারে মারা গেলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আরো বড় সংকট তৈরি হতে পারে। তিনি বেঁচে থাকলে কারামুক্তির পর আরো শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিরে আসতে পারেন। আর কারাগারে তার মৃত্যু হলে চিকিৎসায় অবহেলা ও বন্দি অবস্থায় তার সঙ্গে আচরণ নিয়ে ওঠা প্রশ্ন দীর্ঘদিন পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে তাড়া করতে পারে।

এ ক্ষেত্রে শুধু পাকিস্তান সরকার বা কারা কর্তৃপক্ষের দায় নয়; আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংগঠন, মুসলিম বিশ্বের নেতাদের পাশাপাশি প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। অন্য দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদকারীরা পাকিস্তানের এই ঘটনাতেও একইভাবে সোচ্চার হওয়া উচিত।

ইমরান খানের দাবি: ক্ষমতা নয়, চিকিৎসা ও মর্যাদা

ইমরান খান কারাগার থেকে তাৎক্ষণিকভাবে ক্ষমতা ফিরে পাওয়ার দাবি করছেন না। তার প্রকাশিত আবেদনের মূল দাবি চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং একজন বন্দি হিসেবে মৌলিক মানবিক মর্যাদা নিশ্চিত করা।

পাকিস্তানের ক্ষমতাসীনরা ইমরান খানকে রাজনৈতিকভাবে পরাজিত করতে গিয়ে তাকে প্রতিরোধের প্রতীকে পরিণত করেছেন। এখন তার জীবন ও চিকিৎসার বিষয়টি উপেক্ষা করা হলে পরিস্থিতি আরো গুরুতর হতে পারে।

ইমরান খানের মৃত্যু হলে তার দায় শুধু কারা কর্তৃপক্ষ বা ক্ষমতাসীনদের ওপরই সীমাবদ্ধ থাকবে না; যারা পরিস্থিতি সম্পর্কে জানার পরও কার্যকর পদক্ষেপ নেয়নি, তাদেরও নৈতিক দায়ের প্রশ্ন উঠবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ডন ও রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...