ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বিচার বিভাগের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দেশটির বার কাউন্সিলের আট সদস্য। একই সঙ্গে ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আগের আদেশ কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে পাকিস্তান বার কাউন্সিলের (পিবিসি) ওই আট সদস্য বলেন, ইমরানের চিকিৎসার আবেদন দ্রুত শুনানিতে নিয়ে তার ও স্ত্রীর জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আদালতের নির্দেশ বাস্তবায়নের পাশাপাশি তাদের যথাযথ চিকিৎসা, ন্যায়বিচার ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে স্বাক্ষর করেছেন আবিদ শহিদ জুবেরি, মুহাম্মদ মাকসুদ বাট্টার, শফকত মেহমুদ চৌহান, আবদুস সাত্তার খান, মুনির আহমেদ কাকার, সালমান আকরাম রাজা, সালাহউদ্দিন আহমেদ ও কাজী মুহাম্মদ আরশাদ।

গত ১৮ আগস্ট ইমরানের শারীরিক অবস্থা নিয়ে করা কয়েকটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ তাকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সরকার তাকে শিফা হাসপাতালে না নিয়ে সরকারি প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে দেওয়া হয়।

পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং ১০-এ অনুচ্ছেদে ন্যায়বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা রয়েছে উল্লেখ করে বার কাউন্সিলের সদস্যরা বলেন, ইমরান, তার স্ত্রী, পরিবার ও দলের সদস্যদের এসব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

একটি খোলা চিঠি

এর আগে ১৬ নভেম্বর ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি দেন ইমরান। এতে নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান তিনি। চিঠিতে ইমরান বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল বিভিন্ন মামলায় নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’

বার কাউন্সিলের আট সদস্য তাদের বিবৃতিতে বলেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আদালতের নির্দেশ মেনে ইমরান ও বুশরা বিবির চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাদের জীবন ও স্বাধীনতা বিপন্ন হলে এর দায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকেই নিতে হবে বলেও সতর্ক করেন তারা। প্রয়োজনে এই দম্পতির জীবন, স্বাধীনতা এবং সাংবিধানিক ও আইনগত অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানান।

বিবৃতিতে ইমরান ও তার স্ত্রীর সঙ্গে কথিত বেআইনি ও অসাংবিধানিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়। তাদের দাবি, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দম্পতিকে আটক রাখা হয়েছে এবং কারাবিধি ও আইনি প্রক্রিয়া লঙ্ঘন করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দেওয়া দণ্ডের আপিল শুনানির জন্যও নির্ধারণ করা হয়নি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এমনকি জামিনের আবেদনগুলোও শুনানির অপেক্ষায় রয়েছে।

ইমরানকে একাকী কারাকক্ষে রাখা, প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়া এবং আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ সীমিত করার অভিযোগও তুলেছেন তারা। তাদের ভাষ্য, এসব কারণে ইমরান ও তার স্ত্রীর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। এ ছাড়া ইমরানের বোনদেরও নির্বিচারে ও বেআইনিভাবে আটক করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিচার বিভাগের হস্তক্ষেপ চাইলেন আইনজীবীদের জোট

এদিকে সাবেক পিবিসি ভাইস চেয়ারম্যান আবিদ সাকির নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন ডেমোক্রেটিক অ্যালায়েন্সও ইমরান ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং আটক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি ইমরানের চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের বিষয়ে আদালতের নির্দেশ কার্যকরে বিচার বিভাগের জরুরি হস্তক্ষেপ চেয়েছে। একই সঙ্গে ইমরানের একাকী কারাবাস বন্ধ, পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত এবং অযৌক্তিকভাবে আটক পরিবারের সদস্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকেও পরিস্থিতির বিষয়ে দ্রুত নজর দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, একজন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের জীবন ঝুঁকির মুখে রয়েছে। দেরিতে বিচার পাওয়া কার্যত বিচার না পাওয়ারই শামিল।

উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কমিশন ও অ্যামনেস্টি

পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) রাজনৈতিক বন্দিদের সঙ্গে রাষ্ট্রের আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সব বন্দির মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইমরানের চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর জরুরি ও স্বাধীন তদন্তের দাবি জানিয়ে এইচআরসিপি বলেছে, রাজনৈতিক বন্দিদের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিষয় নয়; এটি আইনের শাসনের ওপর আঘাত। প্রত্যেক বন্দির মানবিক আচরণ, পর্যাপ্ত চিকিৎসা, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সংশ্লিষ্ট আদালতের সব নির্দেশ কার্যকর করার পাশাপাশি নির্যাতন বা দুর্ব্যবহারের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান ও বুশরা বিবির চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগকে পাকিস্তানের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক দায়বদ্ধতার লঙ্ঘন।

সংস্থাটি বলেছে, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ১০ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাধীনতা থেকে বঞ্চিত প্রত্যেক ব্যক্তির সঙ্গে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে। ইমরান ও বুশরা বিবিকে অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

ইমরানের বোনদের আটকের বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তাদের মধ্যে দুজন গত সপ্তাহে মুক্তি পেলেও আলিমা খান এখনো কোট লাখপত কারাগারে আটক রয়েছেন বলে অ্যামনেস্টি জানিয়েছে। ইমরানের অধিকার আদায়ের পক্ষে কথা বলার কারণে তার পরিবারের সদস্যদের হয়রানি বন্ধ এবং আলিমা খানের মুক্তি দাবি করেছে সংস্থাটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...